বিসিবির ঘোষণার ১৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশে এলেন জাতীয় দলের নতুন কোচ ফিল সিমন্স। আজ ভোরে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্যারিবীয় এই কোচ।
ফিল সিমন্স দুইবার এর আগে বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রথমবার তিনি ২০১৭ সালে বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন। দ্বিতীয়বার, ২০২২ সালে বাংলাদেশের কোচ হিসেবে আবারও আবেদন করেছিলেন। তবে তিনি সেই সময়ে নিয়োগ পাননি।
৬১ বছর বয়সী ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ। সর্বশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোচ হিসেবে কাজ করেছেন পাপুয়া নিউগিনির সাথে। এর আগে ২০২১ সালে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। ২০১৬ সালে তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বজুড়ে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত কোচিং করাচ্ছেন এই ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার। ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন সিমন্স। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন সিমন্স।
সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে। ব্যাট হাতে রান করেছেন ৫ হাজারের কাছাকাছি। প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ। যেখানে দুই সংস্করণ মিলিয়ে রান করেছেন ২০ হাজারের বেশি।