সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও আলোচিত বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে সৃষ্ট ধুম্রজাল কাটাতে উচ্চ আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে তার মরদেহ তোলা হচ্ছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর জালালাবাদ এলাকার কবরস্থান থেকে তার মরদেহটি তোলার কার্যক্রম শুরু হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর বিএনপি নেতা হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতের জন্য কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন।
স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিছ চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা তার পরিচয় নিশ্চিত করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানাচ্ছি।’
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বলেন, হারিছ চৌধুরীর মরদেহের পরিচয় নিশ্চিত হলে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর প্রফেসর মাহমুদুর রহমান নামে এক ব্যক্তিকে ওই কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে বিএনপি নেতা হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী দাবি করেন যে, এটি তার বাবার লাশ।