বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে। আটককৃতদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।
আটকের সময় ওই দুই ট্রলার থেকে ইলিশসহ বেশ কিছু সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। তবে নৌবাহিনীর পক্ষ থেকে জেলেদের ছবি এবং নাম পরিচয় প্রকাশ করেনি।
তিনি বলেন, আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, আটককৃত জেলেদের আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধ চলাকালীন সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ শিকার করে নিয়ে যায় বলে অভিযোগ ছিলো দেশের জেলেদের।