সিনেমা মুক্তির আগেই গাড়ি কিনলেন প্রযোজক

সিনেমা এখনো মুক্তি পায়নি, তার আগেই গাড়ি কিনে ফেললেন সিনেমার একাংশের প্রযোজক। হ্যাঁ, শাকিব খানের আলোচিত সিনেমা দরদ এখন মুক্তির পাইপ লাইনে। এরইমধ্যে এর নির্মাতা অনন্য মামুন একটি গাড়ি কিনলেন। তবে অনন্য মামুনের ভাষ্য, আসন্ন সেই সিনেমার প্রচারের জন্যই গাড়িটি কিনেছেন তিনি। 

অনন্য মামুন  HAVALব্র্যান্ডের একটি গাড়ি কিনে ফেসবুকে একটি ছবি পোস্ট দিয়েছেন। লিখলেন,  দরদের প্রোমোশনের জন্য ছুটতে হবে সব জেলায় তাই দুলু মিয়ার টিমের জন্য কিনে ফেললাম আজ। 

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। 

 ‘দরদ’-চলচ্চিত্রে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

ছবিটি মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ‘দরদ’ মুক্তি দিতে চান তিনি। তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত।

যদিও অনন্য মামুনের এমন আকাঙ্ক্ষা অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশ্য অধিকাংশই হিন্দিতে ডাব করার পক্ষে মত দিয়েছেন। অনন্য মামুন এক ফেসবুক পোস্টে লেখেন, 'দরদ বাংলা হিন্দি দুই ভাষাতে বাংলাদেশে রিলিজ করতে চাই..আপনাদের মতামত কি?'- উত্তরে মন্তব্য ঘরে অনেকের মন্তব্য ছিল, ‘একমত’। একজন লিখেছেন, ‘যদি হল মালিকরা চায় তাহলে দিতে পারেন, তবে গ্রামের হল গুলোতে বাংলা ভাষাতে ভালো হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, দারুণ, তবে ডাবিং ভালো করার নিশ্চয়তা দিলে ঠিক আছে।