মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘জিগরা’। অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। অন্য দিকে আবার বিতর্কের মুখে ভাসান বালা পরিচালিত এই ছবি। ছবির বক্স অফিস সংগ্রহের হিসাবে রয়েছে নাকি ভুল তথ্য। আবার কখনও ছবির বিরুদ্ধে নকলের অভিযোগও উঠছে।
করণ জোহরের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ আলিয়ার। সেই করণের সঙ্গেই এই ছবি যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি।
জানা গেছে, ৮০ কোটি রুপিতে তৈরি হয়েছে ‘জিগরা’। এর সঙ্গে আরও ১০ কোটি টাকা খরচ করা হয়েছে ছবির প্রচারের জন্য। কিন্তু বক্স অফিসে ভালো ফল না করায় ছবির খরচ উঠবে না বলে আশঙ্কা। যদিও ছবির প্রযোজকেরা এই দাবি মানতে নারাজ।
এই ছবির জন্য ১০ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আলিয়া নিজে। তবে ছবির অন্য অভিনেতাদের পারিশ্রমিকের বিষয়টি তেমন স্বচ্ছ নয়, কারণ বক্স অফিসে এই ছবিকে অসফল বলেই ধরা হচ্ছে।
ছবিমুক্তির প্রথম দিনে বক্স অফিস সংগ্রহ ছিল ৪.২৫ কোটি রুপি। এর আগে আলিয়ার মু্ক্তিপ্রাপ্ত প্রতিটি ছবিই প্রথম দিনে বক্স অফিসে এই অঙ্কের তুলনায় বেশি ব্যবসা করেছে। মুক্তির পাঁচ দিন পরে এই ছবির বক্স অফিস সংগ্রহ মোট ১৯.৩৫ কোটি রুপি। শুধু পঞ্চম দিনে এর সংগ্রহ ১.১ কোটি। যদিও সমালোচক মহলে বরাবরের মতোই আলিয়ার অভিনয় প্রশংসা পেয়েছে।
‘জিগরা’র বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। তিনি দাবি করেছিলেন, আলিয়া নিজেই প্রেক্ষাগৃহগুলির টিকিট কিনেছেন। ফাঁকা প্রেক্ষাগৃহের ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। এ ছাড়াও তার দাবি, তার ছবি ‘সাভি’র থেকে এই ছবি নকল করা হয়েছে।