চলতি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই জয়ের পর আত্মবিশ্বাস ফিরেছে ব্রাজিল দলে। চিলিকে ২-১ গোলে হারানোর পর আজ ভোরে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ১৩ মাস পর টানা দুই ম্যাচ জিতল ব্রাজিল। ম্যাচ শেষে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ব্রাজিল দলের পুনর্গঠন চলছে। আরও ভালো পারফরমেন্স করতে হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরের বলিভিয়াকে ৫-১ গোলের হারানোর পর পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর গত ১৩ মাসে টানা জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দরিভাল বলেছেন, ‘আমাদের বুঝতে হবে এ দলটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, আমাদের অনেক কিছুই ঠিক করতে হবে। দলটির পারফরম্যান্স এখনো ওঠানামা করছে। এই ম্যাচের চেয়েও আমাদের ভালো করতে হবে।’
পেরু এবং চিলির বিপক্ষে এই দুই জয়ে অবশ্য আত্মতুষ্টিতে ভূগছেন না দরিভাল। তিনি ভালোই জানেন, সামনে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। এই বিষয়ে দরিভাল বলেছেন, ‘আমাদের কিছু কঠিন ম্যাচ আছে, সেই ম্যাচগুলোর জন্য তৈরি হতে হবে। এখনই যেমন আত্মপ্রসাদে ভোগার কিছু নেই, তেমনি খারাপ সময়েও আমি অত ভেঙে পড়ি না।’