ফুটবলারদের ওপর চাপ কমাতে নতুন কোনো টুর্নামেন্ট শুরু না করার আহ্বান জানিয়েছেন জেরার্ড পিকে। ম্যাচের সংখ্যাও কমাতে বলছেন স্পেন ও বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।
চলতি মৌসুম শুরুর আগে থেকেই ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত সূচি নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে ফিফার আন্তর্জাতিক সূচির ব্যাপারে যৌথ উদ্যোগে মামলা করেছে ইউরোপের ফিফপ্রো ও ইউরোপিয়ান লিগস।
ব্যস্ত সূচিতে বর্তমান ফুটবলারদের পাশে দাঁড়ালেন ২০২২ সালে অবসর নেওয়া পিকে। ''এখন খেলা অনেক বেশি। আমরা দেখছি যে ফুটবলাররা বলছে, 'শুনুন, আমরা চোটে পড়ছি। প্রতি তিন দিনে একটি করে ম্যাচ, গ্রীষ্মে আমাদের বিশ্রামের সময়ও নেই'।''
দায়িত্ব পেলে সূচির ব্যস্ততা কমাতে কী পদক্ষেপ নিতেন এমন প্রশ্নে, লিগ কমিটি, ফিফা ও উয়েফার কাছে সুনির্দিষ্ট করে নিজের চাওয়ার কথা জানান পিকে। পিকে বলেন, 'আমি বলব, খেলা কমিয়ে দিন। (আমি দায়িত্বে থাকলে) লিগগুলোর কাছে গিয়ে বলতাম, ২০ দলের বদলে ১৬ দলের লিগ কেন হতে পারে না?'
উয়েফা ও ফিফায় কি বলতেন সেটিও জানিয়েছেন পিকে। উয়েফাকে বলতেন, ‘আপনারা কেন এই নেশন্স লিগ চালু করেছেন?' আর ফিফায় বলতাম, ‘এখন যে ফিফা ক্লাব বিশ্বকাপ করেছেন, এটি করবেন না।'