এবারের ব্যালন ডি'অর পুরস্কারের জন্য নেইমার পছন্দ করছেন স্বদেশী ভিনিসিউস জুনিয়র। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার চেয়ে যোগ্য আর কে আছে। লিওনেল মেসির পছন্দ কে? আর্জেন্টাইন মহাতারকা বেছে নিয়েছেন স্বদেশী লাউতারো মার্তিনেজকে।
সবমিলিয়ে পুরো বছরই দারুণ কেটেছে এই ফরোয়ার্ডের। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা এবং ইন্তারর মিলানকে ইতালিয়ান লিগ ‘সিরি আ’য় চ্যাম্পিয়ন বানিয়েছেন। কোপায় সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুটও জেতেন ২৭ বছর বয়সী লাউতারো।
এসব সাফল্য বিবেচনায় মার্তিনেজের হাতেই ব্যালন দেখতে চান মেসি, ‘সে দুর্দান্ত একটি বছর কাটিয়েছে, সে ফাইনালে গোল করেছে, কোপা আমেরিকায়ও হয়েছে টপ স্কোরার। যে কারও চেয়ে তারই ব্যালন ডি’অর বেশি প্রাপ্য।’
এর আগে স্কালোনিও ব্যালন পাওয়ার ব্যাপারে লাউতারোকে এগিয়ে রেখে বলেছেন, ‘অন্য সবার চেয়ে সেইই সবচেয়ে বড় দাবিদার। আমি আশা করি সে এটা (ব্যালন ডি’অর) পাবে। এমন একজন ছেলে যাকে আমি খুবই পছন্দ করি। শুরু থেকেই লাউতারো আমাদের সাথে আছে। আশা করি সে জিতবে এটা। নিশ্চিতভাবে এখন না পেলেও, ভবিষ্যতে এটা সে পাবে। তার সামনে এখনো দারুণ ভবিষ্যত অপেক্ষা করছে।’
আগামী ২৮ অক্টোবর প্যারিসে সব জল্পনার অবসান ঘটিয়ে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। যার জন্য শর্টলিস্টে লাউতারো থাকলেও, বেশ আলোচিত হচ্ছে আরও কয়েকজনের নাম। সেখানে আছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এ ছাড়া পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে এবং ম্যানসিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের নামও সেক্ষেত্রে আলোচিত হচ্ছে।