মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেওয়া হয়। আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে আতিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন।
২০১৯ সাল থেকে ঢাকা উত্তর সিটির দায়িত্বে ছিলেন আতিকুল ইসলাম। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ আগস্ট দেশের সবগুলো সিটি করপোরেশেনর মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। সে সময় আতিকও মেয়র পদ হারান।