আইপিএলে ক্লাসেনের বেতন বেড়েছে ৩৩৮ শতাংশ!

আইপিএল মানেই টাকার ওড়াওড়ি- এটা সবার জানা। এ কারণেই বিশ্বের সমস্ত ক্রিকেটাররা আইপিএল নিলামে নিজেদের ভাগ্য যাচাই করেন। ফর্মে থাকা ক্রিকেটাররা পান অবিশ্বাস্য পরিমাণ অর্থ। সর্বশেষ আসরে ক্রিকেটার ক্রয়ের আগের সব রেকর্ড ভেঙে গিয়েছিল। এবার নিলামের আগেই সেই রেকর্ডের কাছাকাছি চলে গেলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার হেনরিখ ক্লাসেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ এবং ‘ক্রিকবাজ’ জানিয়েছে, গত আসরে হায়দারাবাদ ক্লাসেনকে পারিশ্রমিক হিসেবে ৫ কোটি ২৫ লাখ রুপি দিয়েছিল। এবার সেটি বাড়ানো হবে ৩৩৮ শতাংশ। অর্থাৎ, তার মূল্য বেড়ে দাঁড়াবে ২৩ কোটি রুপিতে। গত আসরে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ দাম ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনেছিল  কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের গত আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ক্লাসেন। ১৭১ স্ট্রাইকরেটে করেছিলেন ৪৭৯ রান। যদিও ফাইনালে তার দল হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। তবে ক্লাসেনের পারফরমেন্সের পুরস্কারস্বরূপ আসন্ন আইপিএলে তাকে ধরে রাখার পাশাপাশি অবিশ্বাস্য পরিমাণ অর্থ দিচ্ছে হায়দরাবাদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স মূল্য কমানো হতে পারে বলে শোনা যাচ্ছে।