গুরুতর অসুস্থ রাকুল, ৬ দিন ধরে শয্যাশায়ী

গুরুতর অসুস্থ রাকুল প্রীত সিং। গত ছয় দিন ধরে বিছানায় শয্যাশায়ী অভিনেত্রী। শরীরচর্চা করতে গিয়ে চোট লেগেছে নায়িকার। সেই থেকেই এই অবস্থা।

অভিনেত্রী জানান, শরীর আগে থেকেই অসুবিধার কথা জানান দিচ্ছিল। কিন্তু তার তোয়াক্কা তিনি করেননি। এখন ফল ভুগতে হচ্ছে।

জানা গেছে, আশি কিলোগ্রামের ওজন নিয়ে ‘ডেডলিফট’ করতে গিয়েছিলেন রাকুল। তাতেই পেশিতে টান ধরে যায়। যা গুরুতর আকার নিয়েছে। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ নিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, “আমি অত্যন্ত বোকা বোকা কাজ করেছি। নিজের শরীরের কথা শুনিনি। আমার টান ধরার পরও থামিনি আর সেটা মারাত্মক হয়ে গেছে। গত ছয় দিন ধরে বিছানায় শয্যাশায়ী আমি।”

অভিনেত্রী জানান, হয়তো সুস্থ হয়ে উঠতে তার প্রায় এক সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় লাগবে। এর পরই রাকুল বলেন, “আশা করছি তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, কারণ এভাবে বিনাকাজে থাকতে পারি না। তবে, এটা একটা শিক্ষা ছিল। দয়া করে, নিজের শরীরের সতর্কবার্তা শুনবেন। অতিরিক্ত করতে যাবেন না। ভেবেছিলাম আমার দেহের থেকে হয়তো মনের জোর বেশি। কিন্তু সেটা সবসময় হয় না। যাঁরা সুস্থতা কামনা করেছেন, আমায় মিস করেছেন তাঁদের ধন্যবাদ। আমি আরও শক্তি সঞ্চয় করে ফিরব।”

অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানীকে বিয়ে করেছেন রাকুল প্রীত। তবে বিয়ের পর থেকে অভিনেত্রীর জীবনে একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগেও অভিনেত্রীর শ্বশুর তথা বলিউড প্রযোজক বাসু ভাগনানির কোটি কোটি টাকা ধার-দেনার খবর প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রীর ভাই অমনপ্রীত সিংকে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছিল। এতকিছুর পরও জীবনীশক্তি হারাতে নারাজ অভিনেত্রী।

শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ ছবিতে তাকে শূর্পণখার চরিত্রের দেখা যেতে পারে।