সালমানের বাড়িতে গুলি, বিষ্ণোই গ্যাংয়ের শুটার গ্রেপ্তার

বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানো লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় পানিপথ ২৯ নম্বর সেক্টর থেকে সুখা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, এই সুখাই চলতি বছরের এপ্রিলে সালমানের বাড়ির বাইরে গুলি করেন।

চলতি বছরের শুরুর দিকে সালমান খান পুলিশের কাছে অভিযোগে উল্লেখ করেন, লরেন্স বিষ্ণোই গ্যাং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়িতে গুলি চালিয়েছিল। 

পুলিশ জানায়, লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানের বান্দ্রার বাসভবন, পানভিলের ফার্মহাউস ও সিনেমার শুটিংয়ের লোকেশনগুলোতে সালমান খানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ৬০ থেকে ৭০ জন সদস্যকে মোতায়েন করেছিল।

বলিউড সুপারস্টারকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরে গত ২৪ এপ্রিল পানভিল টাউন থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে গত সপ্তাহে গুলি চালিয়ে হত্যা করা হয় সালমানের ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে, যার দায়ভার নিয়েছে বিষ্ণোই গ্যাং। এ ঘটনার পর থেকে আরও জোরদার করা হয়েছে অভিনেতার নিরাপত্তা।