প্রথমবারের মতো মা হলেন মডেল ও অভিনেত্রী ইফফাত তৃষা। গত ১৪ অক্টোবর অস্ট্রেলিয়ার এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন তিনি।
তৃষা জানান, তার মেয়ের নাম রেখেছেন আরাভি জামান। এখন মা ও মেয়ে দুজনেই ভালো আছেন। আজ দুপুরেই হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন তারা।
‘বিকেল বেলার পাখি’ খ্যাত এই অভিনেত্রী অস্ট্রেলিয়া থেকে দেশ রূপান্তরকে বলেন, ‘এই অনুভূতি আসলে বুঝানো সম্ভব না। আমি ও আমার মেয়ে দুজনেই ভালো আছি। পরিবারের সবাই বেশ খুশি ও আনন্দিত।’
অল্প সময়ের ক্যারিয়ারে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ইফফাত তৃষা। কিন্তু ২০১৮ সালের শেষ দিকে হুট করেই অভিনয় ছেড়ে দেন এবং এক বছর প্রেমের পর ২০১৯ সালের ২ আগস্ট প্রেমিক আহসান মারুফকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। এখন তিনি সেখানেই বসবাস করছেন।
