জুভেন্তাসের হয়েই মাঠে ফিরতে চান পগবা

নিষেধাজ্ঞা কাটিয়ে জুভেন্তাসের হয়েই মাঠে ফিরতে চান পল পগবা। প্রয়োজনে বেতন কমাতেও রাজি এই ফরাসি ফুটবলার। ইতালিয়ান এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন পগবা।

নিষিদ্ধঘোষিত ড্রাগ গ্রহণের দায়ে ৪ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পগবা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই শাস্তির পর ৩১ বছর বয়সী পগবার ফুটবল ক্যারিয়ারও শেষ ধরে নিয়েছিলেন অনেকে।

তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের প্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে এসেছে ১৮ মাসে। জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক খেলায়ও ফিরতে পারবেন ১১ মার্চ থেকে।

পগবা বলেন, 'জুভেন্তানের হয়ে আবার খেলার জন্য আমি টাকা ছাড়তেও রাজি আছি। এই ক্লাবের হয়েই আমি ফিরতে চাই। বাস্তবতা হচ্ছে, আমি জুভেন্টাসের খেলোয়াড়, আমি তাদের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি।'

২০২২ সাল থেকে পগবা খেলছিলেন জুভেন্তাসের হয়ে। ক্লাবটির সঙ্গে তাঁর ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে। ২০ আগস্ট সিরি'আ তে জুভেন্তাস-উদিনেসে ম্যাচের পর পগবাকে ঘিরে ডোপ কাণ্ডের শুরু হয়।

পগবার শাস্তি কমার ঘোষণা আসার পরও জুভেন্তাস পগবার সঙ্গে চুক্তি বাতিল করতে চায়, বেশ কয়েক দিন ধরেই এমন খবর দিচ্ছে ইতালির সংবাদমাধ্যমগুলো।

স্কাই স্পোর্টসের সঙ্গেও কথা হয়েছে পগবার। বলেন, 'আমি এমন একজন, যে খেলাটিকে ভালোবাসে। আমি কখনো প্রতারণা করতে পারি না। আমি ন্যায্যভাবে জিততে পছন্দ করি। আমি পরাজিত কিন্তু প্রতারক নই।'