২১ অক্টোবর মাঠে ফিরছেন নেইমার!

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন নেইমার। ব্রাজিল ও নেইমার ভক্তরা অপেক্ষায় আছেন তার মাঠে ফেরার। নতুন খবর ২১ অক্টোবর মাঠে ফিরতে পারেন নেইমার।

গত বছর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় নেইমারের বাঁ হাঁটুতে এসিএল এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে এক বছর ধরে মাঠের বাইরে ছিলেন।

আগামী ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইন। সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

৩২ বছর বয়সী নেইমার গেল ২৯ সেপ্টেম্বর ফিরেছেন আল-হিলালের অনুশীলনে। চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে নিজেকে প্রস্তুত করছেন।

আল-হিলাল কোচ বলেন, 'আগের চেয়ে নেইমারের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আশা করি, আগামী সপ্তাহে তাকে আমরা মাঠে পাব। তবে, এর আগে ব্রাজিল দলের রদ্রিগো লাসমারের কাছ থেকে ছাড়পত্র পেতে হবে। তিনি সবুজ সংকেত দিলে নেইমার খেলতে পারবে। আমরা আশাবাদী।' লাসমার দ্রুতই সৌদি যাবেন নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করতে।

নেইমারের ফেরা প্রসঙ্গে এর আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ‘নেইমার পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে ফিরবে, তেমনটাই আমাদের প্রত্যাশা। আশা করছি হয়তো খুব দ্রুতই ফিরে আসবে। ভক্তরাও সেই অপেক্ষায় আছে।'

২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেই থেকে সৌদি প্রো লিগের আল হিলালে যোগ দেন, কিন্তু মাত্র ৫ ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন।