কনওয়ের ব্যাটে বাড়লো ভারতের লজ্জা

কিউইদের লিড ১৩৪ রানের

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম

আনুষ্ঠানিকভাবে দিনের সমাপ্তি না ঘটলেও আলোক স্বল্পতা থামিয়ে দিয়েছে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম ভারতে ৪৬ রানে অলআউট করার লজ্জা দেওয়ার পর প্রথম ইনিংসে নিজেদের শুরুটা ভালোই করেছে সফরকারী নিউজিল্যান্ড। খেলা থামার আগ পর্যন্ত ৩ উইকেটে ১৮০ রান তুলেছে কিউরা। তাতে লিড গিয়ে ঠেকেছে ১৩৪ রানে।

এই সফর থেকেই নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন টম ল্যাথাম। তবে অধিনায়কত্বের অভিষেক ইনিংসটি ভালো হয়নি তার। ফিরেছেন মাত্র ১৫ রানে। উল্টো পাশে অবশ্য ডেভন কনওয়ে আলো ছড়িয়েছেন। নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরির থেকে ৯ রান দূরে থাকতে রিভার্স সুইট করতে গিয়ে দুভার্গ্যজনকভাবে হয়েছেন বোল্ড। ১০৫ বলে ১১ চার ও ৩ ছক্কায় তার ৯১ রানের ইনিংসে ভিত মজবুত হয়েছে কিউইদের। এছাড়া কেন উইলিয়ামসনের অবর্তমানে তিনে নামা উইল ইয়ং করেছেন ৩৩ রান। কিউইদের ৩ উইকেটই নিয়েছেন ভারতীয় ৩ স্পিনার। রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রানে অপরাজিত রয়েছেন।

ভারত স্পিনে উইকেট পেলেও কিউইরা সফল হয়েছে গতিতে। টেস্ট ইতিহাসের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম আট ব্যাটারের মধ্যে পাঁচজনের শূন্য রানে ফেরার ঘটনা এই দ্বিতীয়। লজ্জার এ কীর্তির সঙ্গে ভারত গুটিয়ে গিয়েছে মাত্র ৪৬ রানে। যা তাদের দেশের মাঠে সবচেয়ে কম রান গুটিয়ে যাওয়ার রেকর্ড। আর যে কোনো দল মিলিয়ে ভারতের মাটিতে ৯১ বছরের টেস্ট ইতিহাসে এটাই সর্বনিম্ন স্কোর। এশিয়ায় হওয়া টেস্টের পরিসংখ্যানেও সর্বনিম্ন এটি।

বেঙ্গালুরে নিউজিল্যান্ডের হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তিন পেসার টিম সাউদি, ম্যাট হেনরি এবং উইলিয়াম ও’রোর্ক। দলীয় ৯ রানে অধিনায়ক রোহিত শর্মাকে দিয়ে পতনের শুরু। তাকে মাত্র ২ রানে বোল্ড করে দেন টিম সাউদি। এরপর বিরাট কোহলি ৯ বল খেলে কোনো রান না করেই ফিরে যান। চারে নামা সরফরাজ খানও মারেন ‘ডাক’। ১০ রানে নেই ৩ উইকেট! তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল কিছুটা লড়াইয়ের চেষ্টা করছিলেন। কিন্তু ৬৩ বলে ১৩ রান করে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যেতে হয় তাকে। ভারতের মিডল অর্ডারও তছনছ করে দেন কিউই পেসাররা। লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা দুজনেই ৬টি করে বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন।

লাঞ্চ বিরতির পর শুরু হয় দ্বিতীয় দফায় ব্যাটিং বিপর্যয়। ভারতের ইনিংসে সর্বোচ্চ ২০ রান করেন রিশাভ পান্ত। শীর্ষ পাঁচজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দুই অংকে যেতে পেরেছেন কেবল দুই জন! তাতে ৩১.২ ওভারে মাত্র ৪৬ রানেই অলআউট হয় রোহিত শর্মার দল। মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। উইলিয়াম ও’রোর্ক নিয়েছেন ২২ রানে ৪টি আর টিম সাউদি ৮ রানে ১ উইকেট।
আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধের পর স্টাম্প ঘোষণা করা হয় দিনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত