শেখ হাসিনা কখনও দেশের মানুষের জন্য রাজনীতি করেননি: নীরব

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, শেখ হাসিনা কখনও বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ছাত্র-জনতার বিপ্লবের মুখে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, এই সরকার গঠিত হয়েছে জনরায়ে, জনগণের ইচ্ছায়। কিন্তু যতই দিন যাচ্ছে, আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি! প্রফেসর ইউনূস দেশের কৃতি সন্তান, বিশ্বব্যাপী তার পরিচিতি। তিনি বিদেশে বাংলাদেশের ফেইস, তার চেয়ে যোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে পেতাম না। তিনি ক্ষমতায় থাকতেও চান না, আগেও তাকে অফার করা হয়েছিল, থাকেননি। এখনো যে তিনি খুব ইনজয় করছেন, তা মনে হয় না। কিন্তু একটা কথা আমার বলতে হচ্ছে, তার টিম সিলেকশনটা ঠিক হয়নি। তিনি যাদের সঙ্গে নিয়েছেন, তাদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে। হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু ভাবভঙ্গিতে এমনই মনে হয়।

তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবীন, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনছুর খান দিপক, ছাত্রদল নেতা ভিপি সোলায়মান, হোসেন সৈকত প্রমুখ।