আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চাকরির মেয়াদ ছিল চন্ডিকা হাথুরুসিংহের। তবে শৃঙ্খলাভঙ্গ ও অসদাচারণের অভিযোগে গেল মঙ্গলবার তাকে বরখাস্তের পথে হাঁটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশের কোচের পদ থেকে এবার চূড়ান্তভাবে বরখাস্ত করল বিসিবি।
গতকাল মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুবাই অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ জুম সংযোগে সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির বিষয়টিও অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে বলছিলেন, আইনগত কিছু বিষয় থাকায় শুরুতে তাকে শোকজ ও সাসপেন্ডের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এরপরই আনুষ্ঠানিক বরখাস্ত। অবশেষে সেই পথে গেল বিসিবি। গতকালের সভায় সিদ্ধান্ত হয়, হাথুরু যদি আইনি পথে যান, বিসিবি তা আইনিভাবেই মোকাবিলা করবে।