বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারলেন না। নিরাপত্তার কারণে তাকে দুবাই থেকেই ফিরে যেতে বলেছে সরকার। সাকিবকে ঢাকা টেস্টের দল থেকে বাদ দিতে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার সাকিবকে বাদ দেওয়া হয়।
এদিন মিরপুরে সাকিবের পক্ষ নিয়ে মিরপুরে বিক্ষোভ করেছেন একদল ক্রিকেটপ্রেমী। শুক্রবার বৃষ্টিভেজা বিকেলে কয়েকশ ক্রিকেটপ্রেমী ব্যানার নিয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয়। তাদের ব্যানারে লেখা ছিল- ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’ এবং ‘আমরা সাকিবের পাশে আছি।’
সাকিবের ভক্তরা মানববন্ধনের পাশাপাশি সেখানে বিক্ষোভ করেছেন। সাকিবকে দেশে ফিরিয়ে এনে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন। আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। আজ তার বদলে দলে নেওয়া হয়েছে স্পিনার হাসান মুরাদকে।