দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট থেকে বাদ দেওয়া হলো সাকিব আল হাসানের নাম। নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তার বিকল্প হিসেবে প্রথম টেস্টের স্কোয়াডে নেওয়া হয়েছে স্পিনার হাসান মুরাদকে।
মিরপুরে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথে আটকা পড়েন। সরকারের পক্ষ থেকে তাকে দেশের বিমানে না উঠে দুবাই অবস্থান করতে বলা হয়। পরে সাকিবের আর দেশে ফেরা হয়নি।
আজ শুক্রবার দুপুরে বিসিবির পক্ষ থেকে সাকিবের জায়গায় হাসান মুরাদের নাম ঘোষণা করা হয়। ২৩ বছর বয়সী এই স্পিনার এর আগেও গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন। কিন্তু সুযোগ হয়নি। এরপর হাংজু এশিয়ান গেমসে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
তরুণ এই ডানহাতি স্পিনার ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩৬টি উইকেট শিকার করেছেন। তবে এবারও তার জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হবে। কারণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
রাজনীতি করছে বলেই সাকিব-মাশরাফি খুনি? –প্রশ্ন সালাউদ্দিনের
দেশে ফিরতে সাকিব আমাকে ফোন দিয়েছিল: আসিফ নজরুল