সাড়ে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান

মুলতানে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে ২৯৭ রানের টার্গেট পায় ইংল্যান্ডের। কিন্তু দ্বিতীয় ইনিংসে নোমান আলির ইনিংসসেরা বোলিংয়ে ১৪৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাতে ১৫২ রানে ম্যাচ জেতে পাকিস্তান।

পাকিস্তান দেশের মাটিতে এর আগে টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর টানা ১১ টেস্টে জয় দেখেননি (৭ হার, ৪ ড্র) স্বাগতিকরা। তিন বছর সাত মাসের অপেক্ষা শেষে এলো জয়।

নোমান আলির ৮ উইকেট নিয়েছেন ৪৬ রানে। এটি বাঁ-হাতি স্পিনার নোমানের ইনিংসসেরা বোলিং। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট যা তার ক্যারিয়ার সেরাও।

তৃতীয় দিন শেষে টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬১ রান, পাকিস্তানের ৮ উইকেট। আজ দিনের দ্বিতীয় ওভারেই ওলি পোপকে ফিরিয়ে সেই জয়ের পথে এগিয়ে দেওয়ার কাজটি শুরু করেন সাজিদ খান। এরপর বাকি কাজটা একা নোমানেরই।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার সাজিদ খান। তিনি প্রথম ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। তাতে ম্যাচসেরাও হয়েছেন সাজিদ খান।

ইংল্যান্ডের দুই ইনিংসের ২০ উইকেটই নিয়েছেন সাজিদ ও নোমান। ১৯৭২ সালে ডেনিস লিলি ও বব মাসি জুটির পর সাজিদ-নোমান জুটি কোন টেস্টে ২০ উইকেট তুলে নিলেন।

সিরিজ এখন ১-১ সমতায় আছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে ২৪ অক্টোবর থেকে।