টমাস টুখেলকে ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়ায় বিস্মিত ফুটবল অঙ্গনের অনেকে। ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েন রুনির বিশ্বাস হচ্ছে না যে, ইংলিশ কোচদের বাদ দিয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) একজন বিদেশিকে বেছে নিয়েছে।
ইংল্যান্ডের সুদীর্ঘ ইতিহাসে তৃতীয় বিদেশি কোচ টুখেল। টুখেল জার্মানির নাগরিক। দেশটির জাতীয় দলে না খেললেও পেশাদার ফুটবলও খেলেছেন জার্মানিতেই। কোচ হিসেবে সবশেষ বায়ার্ন মিউনিখে ছিলেন ২০২৩-২৪ এ।
গত জুলাইয়ে ইউরো ফাইনালের পর গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়েন ইংল্যান্ডের। এরপর কার্সলিকে করা হয় অন্তর্বর্তীকালিন কোচ। আগামী ১ জানুয়ারী থেকে ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন টুখেল।
ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি বলেন, 'আমি মনে করি, তিনি দারুণ একজন কোচ। কিন্তু আমি অবাক হয়েছি, এফএ তাকে নিয়োগ দেওয়ায়।'
নিজ দেশের কোচদের জন্য যে প্রোগ্রাম এফএ-এর আছে তা দুর্দান্ত। তারপরও বিদেশি কোচ বেছে নেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না রুনি। 'এফএ যেটা তৈরি করেছে এবং আমিও সেটার অংশ ছিলাম, গত ১০-১৫ বছরে তারা যা গড়ে তুলেছে, নিজ চোখে আমি তা দেখেছি। এর সবকিছুই দুর্দান্ত। তরুণ কোচদের উঠে আসার জন্য এটা দারুণ এক ক্ষেত্র, তাই (এফএ) নিজেদের একজনকে বেছে না নেওয়ায় আমি অবাক।'
রুনি বর্তমানে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্লেমাউথ অর্গাইলকে কোচিং করাচ্ছেন।