এক ক্রিকেটারকে শারীরিক হেনস্তা ও বাড়তি ছুটি নেওয়ার অভিযোগের ভিত্তিতে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকজের জবাবে,হাথুরুসিংহে শারীরিক হেনস্তার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। এমনকি বিসিবির অনুমতি ছাড়া ছুটি নেননি বলেও দাবি করেছেন।
বিবৃতিতে হাথুরুসিংহে বলেছেন, ‘প্রথমত, অভিযুক্ত ঘটনাটি খেলোয়াড়দের ডাগআউট বা ড্রেসিং রুমে ঘটেছিল, যেখানে বিশ্বকাপের ম্যাচ চলাকালে সার্বক্ষণিক নজরদারি থাকে। ৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা খেলার প্রতিটি মুহূর্ত সঙ্গে সঙ্গে ধারণ করে। অবাক হচ্ছি, যদি কেউ অভিযোগ করে থাকে, তাহলে আমার কাছে কেন জানতে চাওয়া হয়নি সে সময়। ছুটি নেওয়ার দাবির বিষয়ে, আমি স্পষ্ট করতে চাই যে, আমি যতবারই ছুটি চেয়েছি, বিসিবি তা মঞ্জুর করেছে। তাদের অনুমতি ছাড়া আমি কখনো ছুটিতে যাইনি।’
যোগ করেন, ‘আমার মনে হচ্ছে এসব অভিযোগ পূর্বপরিকল্পিত। নতুন সভাপতির মেয়াদের প্রথম দিনে, তিনি প্রধান কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করে একটি প্রকাশ্য বক্তব্য দিয়েছিলেন। আরেকজন প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে শোকজ নোটিস পেয়ে আমি হতভম্ব। সেখানে বলা হয়েছে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। ঘটনার ক্রমধারা এই কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে। ...শেষ পর্যন্ত সত্যের জয় হবে, এবং আমি আমার ভালোবাসার খেলাতে ইতিবাচকভাবে অবদান রাখতে পারব।’