কুমিল্লায় জামায়াতের নায়েবে আমীর তাহের

সরকারের কাছে আনুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহা. তাহের বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আগামী নির্বাচনে আনুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছি। ৩শ আসনে প্রতীক এবং দলের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যে দল প্রতিক এবং ভোটের ভিত্তিতে পাস করবে, তাকে সেভাবে আসন দিতে হবে। অনুপাতিক হারে নির্বাচন হলে মানুষ সত্যিকারের গণতন্ত্র ফিরে পাবে। 

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতি এ তিনজনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আশা করি আমাদের এ সংস্কারের প্রতি দেশবাসী সমর্থন প্রদান করবে। আমরা চাই, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হোক। না হয় জনগণ এটা ভালোভাবে মেনে নিবে না। আমরা চাই পরিবর্তনের যে সুযোগ এসেছে, এ সুযোগকে কাজে লাগিয়ে ঘুষ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। 

শনিবার (১৯ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারাদেশে যে গণহত্যা হয়েছে তার বিচার করতে হবে। গণহত্যার সাথে যারা এবং যে দল জড়িত তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যেমে খুঁজে বের করে অবিলম্বে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। খুন, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, লুটপাট করে ক্ষমতায় থাকা যায় না। পৃথিবীর কোনো স্বৈরাচার দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশেও সেটার পুনরাবৃত্তি হয়নি। 

অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও. জামাল উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. ইয়াছিন আরাফাত, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, কুমিল্লা মহানগরী জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান, সেক্রেটারি সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর মুহাম্মদ ইসহাক খন্দকার প্রমুখ।