সরকারের জনপ্রিয়তা তলানিতে নেমেছে: হামিদুর রহমান আযাদ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ক্ষমতা গ্রহণের মাত্র আট মাসের মাথায় কোনো সরকারের জনপ্রিয়তা তলানিতে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, মানুষের মুখে মুখে এখন সরকারের ব্যর্থতার আলোচনা চলছে। একটি সরকার কীভাবে পরিচালনা করতে হয়, সে বিষয়ে তাদের যথেষ্ট ধারণার অভাব রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) নগরীর চকবাজারের আনিকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত স্থানীয় সরকার নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কোনোভাবেই আদর্শ বিসর্জন দেওয়া যাবে না কিংবা অর্থের কাছে আদর্শ বিকিয়ে দেওয়া যাবে না। আদর্শিক জনশক্তি থাকলে নির্বাচনে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি সংগঠনের একার পক্ষে জনগণের শতভাগ সেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্থানীয় সরকারে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমেই জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং তাদের অধিকার আদায়ে কাজ করা সম্ভব। একই সঙ্গে স্থানীয় সরকার নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নীতি ও আদর্শের কারণে গণমানুষের সমর্থন জামায়াতের প্রতি রয়েছে। প্রার্থীদের পরিচ্ছন্ন ভাবমূর্তি এ জনপ্রিয়তা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, নির্বাচনে পেশিশক্তি ও কালোটাকার ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ কিংবা ভোট কারচুপির যেকোনো ষড়যন্ত্র জামায়াতে ইসলামী মেনে নেবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ও মাস্টার ট্রেইনার অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, মাস্টার ট্রেইনার প্রফেসর মোহাম্মদ সিরাজুদ্দৌলা এবং চট্টগ্রাম-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শফিউল আলম।

সর্বশেষ সর্বাধিক পঠিত