৩ দিনের ব্যবধানে ফের হ্যাটট্রিক মেসির

ক্যারিয়ারের শেষলগ্নে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। মাত্র ৩ দিনের ব্যবধান আবার হ্যাটট্রিক করলেন। গত ১৬ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তিনি হ্যাটট্রিক করছিলেন। এবার করলেন ইন্টার মিয়ামির হয়ে। 

মেসির হ্যাটট্রিক ও লুইস সুয়ারেজের জোড়া গোল মিলিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আজ নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। অথচ শুরুর ২ মিনিটেই গোল খেয়ে বসে তারা। ৩৪ মিনিটে নিউ ইংল্যান্ড ব্যবধান ২-০ করে। এরপরই ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচে সমতা আনেন সুয়ারেজ।

২-২ সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মেসি মাঠে নামার পরপরই বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে ফের এগিয়ে যায় মায়ামি। ৭৮ মিনিটে শুরু হয় মেসি ম্যাজিক। ৭৮ মিনিটে তার প্রথম গোলটিতে সহায়তা করেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার সুয়ারেজ, ৮১ মিনিটে মেসির দ্বিতীয় গোল বার্সেলোনার আরেক সাবেক তারকা জর্দি আলবার সহায়তায়, ৮৯ মিনিটে হ্যাটট্রিক করেন মেসি।এমএলএস শিল্ড নিয়ে মেসি-বুসকেটসদের উদযাপন

 

ম্যাচ শেষে মিয়ামি কোচ মার্তিনো বলেছেন, ‘বড় একটা চোটের পর তার সেরে ওঠা এবং আবার দলের সঙ্গে যুক্ত করা নিয়ে আমাদের সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং আমরাও এটা নিয়ে খুব সতর্ক ছিলাম। আমার মনে হচ্ছে যে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টার মুখোমুখি হওয়ার আগে তাকে আমরা আদর্শ শারীরিক অবস্থায় পেয়েছি।’

এই জয়ে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে ফ্লোরিডার দলটি।  মেসিদের মোট পয়েন্ট হয়েছে ৭৪, যা ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি।

এমএলএসের শীর্ষ ১৬ দল এখন এমএলএস কাপ খেলবে।  ইস্ট কনফারেন্সের অষ্টম ও নবম দল মন্ট্রিল ও আটলান্টার মধ্যকার ম্যাচের জয়ীর সঙ্গে ইন্টার মায়ামি ২৬, ২৭ ও ২৮ অক্টোবর খেলবে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ।