বার্সেলোনার বিপক্ষে জমজমাট এল ক্ল্যাসিকোর আগে জয় দিয়েই প্রস্তুতি শেষ করল রিয়াল মাদ্রিদ। গতকাল শনিবার রাতে রিয়াল। সেল্তা ভিগোর মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ২-১ গোলে। এই জয়ে রিয়ালের হয়ে গোল করেছেন দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
লা লিগায় আগামী শনিবার রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে গতকাল রাতে সেল্তা ভিগোর মাঠে শুরু থেকেই তারা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিল। শক্তিতে পিছিয়ে থাকলেও সেল্তা দারুণ ফুটবলে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। তবে ২০তম মিনিটে সাম্প্রতিক সময়ে ধর্ষণের অভিযোগ ওঠা এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল।
গোল খেয়ে পিছিয়ে গেলেও সেল্তা অবশ্য হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ম্যাচে সমতা ফেরান উইলিয়ট সুইডবার্গ। তবে প্রতিপক্ষ যখন রিয়াল, তখন ভিন্ন কিছু তো হবেই। ৬৬ মিনিটে রিয়ালকে ফের এগিয়ে দেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। এই গোলই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল। দুই দলেরই পয়েন্ট এখন ২৪। তবে বার্সার চেয়ে রিয়াল এক ম্যাচ বেশি খেলেছে। অবশ্য আজ রাতেই সেভিয়াকে হারাতে পারলে রিয়ালকে ছাড়িয়ে ফের এগিয়ে যাবে বার্সা।