বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছুরিকাঘাতে মারা যাওয়া চট্টগ্রাম কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে দুই দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রবিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এই আদেশ দেন। আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১৩ অক্টোবর ওয়াসিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করতে মামলার এজাহারভুক্ত আসামি নগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে সাতদিনের হেফাজতে নিতে একই আদালতে আবেদন করেছিলেন নগরের পাঁচলাইশ থানার এসআই এম এ কুতুবি।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুরাদপুর এলাকায় ছাত্রলীগের ছুরিকাঘাতে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।
গত ১৯ আগস্ট ওয়াসিম আকরামকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের হয়। নিহত কলেজছাত্র ওয়াসিমের মা জোসনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ছাড়াও আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।
গত ৮ আগস্ট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত ১৮ আগস্ট ডবলমুরিং থানার একটি মামলায় এবং গত ৩ অক্টোবর চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।