লিয়ামের মৃত্যুতে জায়ান মালিকের যুক্তরাষ্ট্র সফর স্থগিত

ওয়ান ডিরেকশনের সদস্য, ব্রিটিশ গায়ক লিয়াম পেইনের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অনেকেই। তার ‘হৃদয়বিদারক মৃত্যু’ নাড়িয়ে দিয়েছে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সংগীতশিল্পীরাও। এরই অংশ হিসেবে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন আরেক ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও গীতিকার জায়ান মালিক।

শনিবার (১৯ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘এই সপ্তাহে হৃদয়বিদারক মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমি যুক্তরাষ্ট্র সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

জায়ান জানান, আগামী বছরের জানুয়ারিতে এই ট্যুর করবেন তিনি। নতুন তারিখ পরে জানানো হবে। এখনকার টিকিট দিয়েই শোগুলো দেখা যাবে। সবশেষে তিনি লেখেন, ‘আপনাদের সবাইকে ভালোবাসি। আমার অবস্থা বুঝে পাশে থাকার জন্য ধন্যবাদ।’

৩১ বছর বয়সী মালিক সেপ্টেম্বরে ‘দ্য টুনাইট শো’ অনুষ্ঠানে প্রথমবারের মতো একক সফরের ঘোষণা দেন। ১৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নিজের সফরের তারিখ শেয়ার করে তিনি লেখেন, ‘আপনাদের ধৈর্য, ভালোবাসা ও সমর্থনের প্রশংসা করি। একসঙ্গে গান উপভোগ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ 

তার এ সফর বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শুরু হয়ে ৩ ডিসেম্বর ইংল্যান্ডের নিউক্যাসেলে শেষ হওয়ার কথা ছিল। প্রাক্তন ওয়ান ডিরেকশন সদস্য মে মাসে তার চতুর্থ একক অ্যালবাম, ‘রুম আন্ডার দ্য স্টেয়ারস’ প্রকাশ করেছেন।