স্টোনসের গোলে সিটির জয়

শেষের বাঁশি বাজতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে জালে পাঠালেন জন স্টোনস। উল্লাসে ফেটে পড়ল ম্যানচেস্টার সিটির সমর্থকরা।

ভিএআর দেখার পর গোল বহাল থাকলো। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে।

ম্যাচের সপ্তম মিনিটে ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক উলভস। চলতি মৌসুমে পঞ্চমবার ম্যাচে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ল সিটি।

৩৩ মিনিটে গোল শোধ দেন সিটি ডিফেন্ডার জাসকো গাভার্দিওল। জেরেমি ডকুর ছোট পাস ধরে বক্সের বাইরে থেকে দূরের পোস্টে হাওয়ায় ভাসিয়ে শট নেন গাভার্দিওল। এরপর ম্যাচের শেষ চেষ্টায় ব্যবধান গড়ে দেন স্টোনস।

পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ২২ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখা ম্যানসিটি।