ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে সাড়ে আট ঘণ্টা ধরে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। আজ রোববার দুপুর ১২টার দিকে এই বিক্ষোভ শুরু হয় এবং রাত ৯টা পর্যন্ত এ বিক্ষোভ চলছিল।
এর আগে একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডে গিয়েও বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীয় ফেল করা শিক্ষার্থীরা। অবরোধের মুখে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
শিক্ষার্থীদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনের কারণে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম রাত পৌনে আটটার দিকে বলেন, শিক্ষার্থীরা আজকের মধ্যে সিদ্ধান্ত চাচ্ছেন। তাঁরা বোর্ডের সামনে অবস্থান করছেন। আমরাও সেখানে আছি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের একটি গণমাধ্যমকে বলেন, বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা চলে গেলেও পাঁচটার দিকে আবার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। তাঁরা আজকের মধ্যে সিদ্ধান্ত চান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বোর্ডের ভেতরে তাঁদের কর্মকর্তারা সবাই আছেন।