পঞ্চগড়ে সমন্বয়ক সারজিস

প্রতিবাদ না করলে আবারও অন্যায়-অবিচারের সংস্কৃতি তৈরি হবে

যদি প্রতিবাদ না করা হয় তাহলে আগামীতে আবারও অন্যায়-অবিচারের সংস্কৃতি তৈরি হবে বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে ৩০০ বুলেট লেগেছিল। সেসময় ঢাকা বা বিভিন্ন জেলায় দেখা গেছে মানুষের সামনে গুলি করেছে আর পেছন দিয়ে বের হয়ে গেছে। 

রবিবার (২০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আন্দোলনে কারও হাত নেই, পা নেই, চোখ নেই, আর কোনদিন হাঁটতে পারবে না এমন মানুষের সংখ্যা দুই হাজারের বেশি। আহতের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের আমলের রাজনৈতিক প্রভাবের কারণে আমরা কথা বলতে সংকোচ বোধ করলেও এখন নতুন সময়ে এসেছে।

তিনি বলেন, একটা দেশে সরকার যদি মনে করে সে জনগণের সরকার, তাহলে তারা জনগণের ওপর এমনটা করতে পারে না। জনগণের চেয়ে বা দেশের চেয়ে তাদের কাছে ক্ষমতার মূল্য ছিল অনেক বেশি। সেই কারণে চব্বিশের অভ্যুত্থান হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ সমন্বয়ক বলেন, আগামী দিনে যদি আপনারা দেখেন কেউ ক্ষমতার অপব্যবহার করছে, অন্যায় করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে, তাহলে অবশ্যই আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন। রাস্তায় না নামলেও আপনারা সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক প্রতিবাদ করতে পারেন। 

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বক্তব্য রাখেন।