হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র গ্রেপ্তার, নেতাকর্মীদের প্রতিবাদ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি শাখার মুখ্যপাত্র জুলাইযোদ্ধা মো. সাকিব হাসান ও তার বড় ভাই  মো. নবীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেল ৪টায় দাউদকান্দি শহীদ রিফাত বাবু পার্কে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গ্রেপ্তাররা হলেন মো. সাকিব সরকার রাব্বী (২৪) ও মো. নবীর হোসেন (৪৩) তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জহির হোসেন মেম্বারের ছেলে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চব্বিশের ৫ আগস্ট দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের দাবি, সাকিব ওই মামলার এজাহারভুক্ত আসামি নন এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া তার বড় ভাই নবীর হোসেন ঘটনার সময় বিদেশে অবস্থান করছিলেন বলেও উল্লেখ করেন তারা।

বক্তাদের অভিযোগ, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি এবং প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। তারা অবিলম্বে সাকিব হাসান ও নবীর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌরসভা আহ্বায়ক সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক মো. ফয়সাল সিকদার, পৌরসভার মুখ্য সংগঠক মো. সাগর, সহ-সমন্বয়ক মো. ইমন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. সাইজুদ্দিন ও  মো. আব্দুর রহিনসহ অন্যান্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত