ভুলে জেড আই খানের বিরুদ্ধে মামলা, নাম বাদের আবেদন

ভুলবশত আসামি করায় জেড আই খান পান্নাকে এজাহার থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন মামলার বাদী মো. বাকের। মামলা থেকে জেড আই খান পান্না নাম বাদ দিতে সোমবার (২১ অক্টোবর) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেন বাদী বাকের।

গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এ মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ১৮০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়। এতে ৯৪ নম্বর আসামি হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। ৯৪ নম্বর ব্যক্তিকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়।

এদিকে আজ সোমবার ওই মামলায় আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না।