সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে বাবা-ছেলে-মেয়ে নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে বাবা, ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। নিহতরা হলেন—১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।

ডিআইজি মো. ইকবাল জানান, ভোরে অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে প্রবেশ করে গুলি করে। এতে ঘটনাস্থলে আহমেদ হোসেন ও সৈয়দুল আমিন মারা যান। আহত আসমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে ওখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।