দেশের বাজারে রয়্যাল এনফিল্ড: দাম কত, কীভাবে কিনবেন

‘রয়্যাল এনফিল্ড’ নাম শুনলেই এক অন্যরকম অনুভূতি কাজ করে, বিশেষ করে যারা বাইক চালাতে পছন্দ করেন। বলা যায় তাদের স্বপ্ন এই বাইক চালানো। বাংলাদেশে ৩৫০ সিসির এই বাইকের অনুমোদন ছিল না। বেশ আলোচনার জন্ম দিয়ে দেশের বাজারে আজ এসেছে জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড-এর মোটরসাইকেল। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ড-এর ৩৫০সিসি’র চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচন করা হয়।

 

দেশের বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার, ক্লাসিক, মিটিওর ও বুলেট এই চার মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। এরমধ্যে রয়্যাল এনফিল্ড হান্টারের দাম ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্লাসিকের দাম ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেটের দাম ৪ লাখ ১০ হাজার টাকা এবং মিটিওরের দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।

অনুষ্ঠানে বলা হয়েছে, এগুলো মূলত মডেলভেদে মোটরসাইকেলগুলোর প্রারম্ভিক দাম। বিভিন্ন রং ও বিভিন্ন ফিচার অনুযায়ী দাম বৃদ্ধি পাবে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে বলা হয়েছে, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে প্রি-বুকিং। ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে প্রি বুক করা যাবে মোটরসাইকেল। পাশাপাশি শো-রুমে উপস্থিত হয়েও প্রি-বুক করা যাবে। 

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ সরকার দেশের সড়কে ৩৭৫ সিসি’র মোটরসাইকেল চালানোর অনুমোদন দেয়। এরপর গত নভেম্বরেই দেশের বাজারে আসে বাজাজের এন২৫০ মডেলটি- যার দাম ৩ লাখ ৪০ হাজার টাকা। চলতি বছরের জুন পর্যন্ত এই মডেলের ৭৩০টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। 

এছাড়া প্রায় ৪ লাখ টাকা মূল্যের হিরো’র কারিজমা এক্সএমআর (২১০ সিসি) মডেলটিরও প্রায় ৭০০ ইউনিট বিক্রি হয়েছে দেশের বাজারে।