র‌্যাংগসএক্সের নতুন ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড আরএক্স উন্মোচন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

দেশের বাজারে নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ উন্মোচন করেছে র‌্যাংগসএক্স। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

র‌্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক কৌশলগত ব্যবসায়িক ইউনিট র‌্যাংগসএক্স প্রাথমিকভাবে আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস মডেলের তিনটি ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে মডেলগুলো তৈরি করা হয়েছে।

প্রতিটি স্কুটারে রয়েছে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি, যা খুলে সুবিধাজনক স্থানে চার্জ করা যাবে। পাশাপাশি ১২ ইঞ্চি চাকা, বাংলাভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে, বিভিন্ন রঙের বিকল্প ও সাশ্রয়ী মূল্য রাখা হয়েছে। শিগগিরই আরেকটি মডেল এম৯ বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রদর্শনীতে আরএক্সের পাশাপাশি আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্সও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ছাড়া ডংফেংয়ের ইএম২৬ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ১৪ আসনের ইএম২৭ ইলেকট্রিক মাইক্রোবাস প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, ডিএইচএল এক্সপ্রেসকে ইলেকট্রিক ভ্যান সরবরাহের মাধ্যমে দেশের বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের বহর গড়ে তুলতেও ভূমিকা রাখছে র‌্যাংগসএক্স।

র‌্যাংগস গ্রুপের অটোমোটিভ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, দেশের মানুষের দৈনন্দিন যাতায়াতে বৈদ্যুতিক যানবাহনকে বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। আরএক্সের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ইলেকট্রিক স্কুটার বাজারে আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং সাব্বির নেওয়াজ বলেন, শুধু কম দামের ইলেকট্রিক বাইক বাজারে আনা নয়, বরং বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার সহজ করতে একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।

প্রদর্শনীতে দর্শনার্থীরা র‌্যাংগসএক্সের বিভিন্ন মডেল দেখার পাশাপাশি নির্ধারিত আউটডোর টেস্ট-রাইড জোনে স্কুটার চালানোর সুযোগ পাবেন। এ উপলক্ষে আরএক্স স্কুটার কেনায় পাঁচ হাজার টাকা এবং ডেলিভারি ও রাইড শেয়ারিং পার্টনারদের জন্য ১০ হাজার টাকা ছাড় ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। অন্যদিকে ডংফেংয়ের ইএম২৬ ও ইএম২৭ প্রি-বুকিং করলে ইনস্টলেশনসহ ৭ দশমিক ৪ কিলোওয়াটের এসি ইভি চার্জার বিনা মূল্যে দেওয়া হবে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত