বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনই গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার যদি ফিরে আসে তাহলে এর দায় এই বর্তমান সরকারকে নিতে হবে।
আজ সোমবার সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার পুরো রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু সরকার ছাত্র-জনতার ওপর গুলিকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে না, অপরাধীরা সব পালিয়ে যাচ্ছে। দেশে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না, অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না, দেশে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি প্রমুখ।