নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামে এক সেনা সদস্য হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার মো. আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে মো. সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে মো. জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছে। বাকীরা রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সিদ্ধিরগঞ্জে সেনা সদস্য হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন। বাকী একজন পলাতক রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন ভূইয়া সবুজ বলেন, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালিতে কর্মরত সেনা সদস্য শাহীন আলম (২২) সাত দিনের ছুটি ভোগ করার জন্যে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে তার বন্ধু ফারহান হাবিবের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিল। সেই সাথে মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাঃ লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড় সামনে পৌঁছালে পেছন দিক থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশা যোগে এসে শাহীনের গতিরোধ করে।
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা সৈনিক শাহীন আলমের নিকট থাকা মানিব্যাগ, টাকা পয়সা ছিনতাইকালে তিনি বাধা প্রদান করায় ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত তিনজকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমরা বাদীপক্ষ আদালতের রায়ে সন্তুষ্ট।