মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ২৪ জেলে আটক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ২৪ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৪০ কেজি ইলিশ, ৪টি নৌকা, ২টি স্পীড বোডসহ প্রায় ২৭ হাজার মিটার জাল। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান জানান, সোমবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২টি স্পীড বোটসহ ২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। একই সময় মেঘনা নদীর তুলাতুলী ও ভোলার খাল থেকে আটক করা হয় আরও ৯ জেলেকে। এছাড়াও তেতুলিয়া নদী থেকে আটক করা হয় ১৩ জেলেকে। 

এদের  ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।  আটককৃতদের কাছ থেকে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার মেঘনা তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।