টাকা পাচারে সহায়তাকারী ব্যক্তি রাষ্ট্রপতির আসনে বসে আছেন: বুলু

ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা পাচারে সহায়তাকারী ব্যক্তি রাষ্ট্রপতির আসনে বসে আছেন। এমন অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, যিনি ইসলামী ব্যাংক থেকে শেখ হাসিনাকে টাকা সরাতে সাহায্য করেছেন তিনি এখনও রাষ্ট্রপতির পদে রয়েছেন।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও গুমের অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান। রাজনীতির ক্ষেত্রে তাদের নিষিদ্ধ করার আহ্বান করেন তিনি।

সাবেক এ এমপি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, খুন, গুমের অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তারপর তারা রাজনীতির সুযোগ পাবে, কি পাবে না তা বিবেচনা করতে হবে। তার আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান বরকত উল্লাহ বুলু।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, আগরতলায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এক হয়েছেন। তারা নাকি প্রতিবিপ্লব করবেন। শেখ হাসিনা ভারতে বসে এ চক্রান্ত করছেন। আগরতলায় হাসিনার পক্ষে মিছিলও হচ্ছে বলে শোনা যাচ্ছে।