দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ায় রাশিয়া সফর বাতিল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রিকস সম্মেলনে যোগ দিতে রোববার (২০ অক্টোবর) বিকালে যাওয়ার কথা ছিল তার।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী লুলা এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।
লুলার চিকিৎসক রবার্তো কালিল গ্লোবোনিউজ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পড়ে গিয়ে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়েছেন। আঘাতের জন্য সেলাই দিতে হয়েছে এবং এর ফলে টেম্পোরাল-ফ্রন্টাল অঞ্চলে ‘মস্তিষ্কে অল্প রক্তক্ষরণ’ হয়েছে।
এদিকে হাসপাতালের চিকিৎসকদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মাথায় আঘাত পেয়েছেন প্রেসিডেন্ট লুলা। পরে তার মাথা ৫টি সেলাই দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। এরপর রোববার সকালে ফলোআপের জন্য তিনি হাসপাতালে আসেন।
তবে লুলা ভালো আছেন এবং স্বাভাবিক কাজকর্মে অংশ নিতে পারছেন জানিয়ে রবার্তো কালিল বলেন, পরবর্তী দিনগুলোতে আরও খারাপ হতে পারে, তাই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
ব্রাসিলিয়ার সিরিও-লিবানেস হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি স্বাভাবিক হিসেবে অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তিনি ব্রাসিলিয়া থেকে ভার্চুয়ালি সম্মেলনে অংশ নেবেন এবং তার অন্যান্য কাজ চালিয়ে যাবেন। তবে তার অফিস তার ইনজুরি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল লুলার। শুক্রবার পুতিন ঘোষণা দেন, আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন না তিনি। তার আগমন সম্মেলনকে ‘ব্যাহত’ করতে পারে।
গত বছর আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের আগের শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন পুতিন।