শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যারা ‘অপচিন্তা’ করছে তাদের হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, রাষ্ট্রপতি বলেছেন- শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি। যারা দেখেও না দেখার ভান করছেন তাদের বলতে চাই, আদালত, সচিবালয়সহ বিভিন্ন অফিস থেকে অনেক কিছু চিন্তা করেছিল। এমন যারা অপচিন্তা করছেন, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, কেউ যদি খুনিদের পুনর্বাসনের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে।
দেশের জনগণ শেখ হাসিনার সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করায় তার পদত্যাগপত্রের ভূমিকা নেই বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার দুপুরে ফেইসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।
এদিকে রাষ্ট্রপতির বক্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহর পোস্টের কিছু সময় পরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেইসবুকে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলেন বলে মন্তব্য করে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি লিখেছেন, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।