ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগে ভার্চুয়াল ক্লাসরুম স্থাপন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য ৩৪ লাখ টাকার অনুদান দিয়েছে মিতসুবিশি করপোরেশন বাংলাদেশ।
রবিবার (২০ অক্টোবর) সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোশি উয়েগাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে অনুদানের এ চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, মিতসুবিশি করপোরেশনের ব্যবস্থাপক সৈয়দা শাহতাজ সায়ারা ও অ্যাডমিন ম্যানেজার নুসরাত জাহানসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুদানের জন্য মিতসুবিশি করপোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। গবেষণা কার্যক্রম পরিচালনা ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে তিনি আরও সহযোগিতা কামনা করেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদানের জন্য তিনি মিতসুবিশি করপোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
উল্লেখ্য, মিতসুবিশি কর্পোরেশন গত তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগকে সহায়তা করে আসছে।