বাসা থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীকে হত্যা

রাজধানীর তেজগাঁও ১৭ নম্বর গলি এলাকায় মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে মো. ইমরান (২২) নামে এক শিক্ষার্থীকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর বাঙলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায়। বাবার নাম মো. মিজান মিয়া। বর্তমানে তেজগাঁওয়ের গ্রিন রোডের ৭৩-ক নম্বর বাসায় থাকতেন।

নিহতের ভাই মো. সুমন বলেন, আমার ভাই মিরপুর বাঙলা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল। রবিবার রাতে বাদশা নামের স্থানীয় এক সন্ত্রাসী বাসা থেকে ফোন করে ইমরানকে ডেকে নিয়ে যায়। পরে আমার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বাদশার কাছে ৫০০ টাকা পেত ইমরান। পাওনা টাকা কেন্দ্র করে ইমরানকে ছুরিকাঘাত করে বাদশা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে গতকাল সন্ধ্যায় তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, এ হত্যাকা-ের বিষয়ে একটি মামলা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে।