চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

নগরের চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে আফতাব উদ্দিন তাহসীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে। তাহসীন নগরের ওমরগণি এম ই এস কলেজের ছাত্র। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত তাহসীন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রিবাড়ির মো. মুসার ছেলে। শমসেরপাড়া এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সারোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র আরও জানায়, নিহত তাহসীন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে সক্রিয় ছিলেন। তবে তাহসীন চলাফেরা করতেন সারোয়ারের সঙ্গে। তাহসীন ইট, বালু ও সিমেন্টের ব্যবসা করতেন। তার এই ব্যবসায় সহযোগী ছিলেন সারোয়ার। পুলিশ জানায়, চট্টগ্রামে এক সময়ের মূর্তিমান আতঙ্ক, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আলোচিত এইট মার্ডার মামলার মৃত্যু-াদেশপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খান। এই সাজ্জাদের সহযোগী হিসেবেই অপরাধজগতে আসে বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। সর্বশেষ ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।