দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ইনিংসে মুমিনুলের রান ৩২!

পরিসংখ্যান দেখেই নিশ্চয়ই অনেকের ভিরমি খাওয়ার দশা হবে। যে ব্যাটারকে বাংলাদেশের একমাত্র ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে ধরা হয়, সেই মুমিনুল হক আজ ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ‘ডাক’ মেরেছেন। প্রোটিয়াদের বিপক্ষে তার পারফর্মেন্স বিস্ময়করই বটে।

আজ মঙ্গলবার ২০২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে সাদমান ইসলাম আর মুমিনুলকে আউট করেন কাগিসো রাবাদা। রানের খাতা খোলার আগেই ব্যাক অব লেংথ ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ৯ ইনিংসে মুমিনুল করেছেন মাত্র ৩২ রান! এই দলের বিপক্ষে ১২ ইনিংসে তার সর্বমোট সংগ্রহ ১৫৫ রান। ফিফটি একটি। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৭৭ রানের সেই ইনিংসটি খেলেছিলেন। এছাড়া ২০১৫ সালে মিরপুরে ৪০ রানের একটি ইনিংস আছে। সর্বশেষ দুই অংকের স্কোর (১১) করেছিলেন সেই ২০১৭ সালে ব্লুমফন্টেইনে।