চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার ট্রেইলারদের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত হলো কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট। মঙ্গলবার বিকেলে স্থগিত এই কর্মসূচির ঘোষণা দেন প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের সংগঠনের সভাপতি সেলিম খাঁন। মালিকপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমঝোতা চুক্তি অনুযায়ী তা স্থগিত করা হয়েছে বলে তিনি জানান। 

এর আগে গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যেমন বাহিরে যাওয়া যাচ্ছিল না; তেমনিভাবে বাহির থেকেও পণ্য আনা যায়নি বন্দরে।

আন্দোলন প্রসঙ্গে শ্রমিক সংঘটনটির সভাপতি সেলিম খান দেশ রূপান্তরকে বলেন, চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরির দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে মালিকপক্ষ তা মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আগামী বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হবে। তাই বৃহম্পতিবার পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন আমদানি পণ্যবাহী ৩ হাজারের বেশি ও রপ্তানি পণ্যবাহী দুই হাজারের বেশি কনটেইনার পরিবাহিত হয়। এসব পণ্য অফডক থেকে বন্দরে আনা এবং বন্দর থেকে অফডকে নেয়ার কাজটি করে থাকে প্রাইমমুভার ট্রেইলার, ড্রামট্রাকসহ বিভিন্ন যান। গত সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে এসব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জাহাজ থেকে পণ্য নামলেও এই পণ্য অফডকে যাচ্ছিল না, আবার অফডক থেকে রপ্তানীমুখী পণ্য জাহাজীকরণ হচ্ছিল না।