চট্টগ্রাম বন্দর জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ, একটিতে ফাটল

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি গমবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে। তবে তেলবাহী অন্য ট্যাঙ্কারটি অক্ষত রয়েছে।

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি গমবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে। তবে তেলবাহী অন্য ট্যাঙ্কারটি অক্ষত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বহির্নোঙরের ‘আলফা’ অ্যাঙ্করেজে এমটি সি স্পাইক ও এমভি সানশাইনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। 

আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি আমদানিকারকের ৫২ হাজার টন গম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘সানশাইন’ বহির্নোঙরে নোঙর করা ছিল। এ সময় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কার ‘সি স্পাইক’ নোঙর করতে গিয়ে সানশাইনকে জোরে ধাক্কা দেয়। এতে সানশাইন জাহাজের খোলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে।

অন্যদিকে, ‘সি স্পাইক’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ৩৩ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল বহন করছিল। সংঘর্ষে জাহাজটির সব কার্গো ট্যাংক অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি ঢোকেনি এবং তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।

দ্রুততম সময়ে জাহাজটি থেকে জ্বালানি তেল খালাসের জন্য জাহাজটির শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সি স্পাইকের ইঞ্জিন রুমে প্রায় এক বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে ইমার্জেন্সি ব্যাটারির সাহায্যে ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরের ১০ শ্যাকেল করে ক্যাবল ছাড়া হয়েছে। উদ্ধারকাজে বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের টিম কাজ করছে। খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট মোতায়েন করা হয়। পাশাপাশি বহির্নোঙরে উদ্ধার কাজে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের টিম উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

দুই জাহাজের এই সংঘর্ষের পরেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক আছে তুলে ধরে বন্দর সচিব বলেন, পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত