ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যেতে চাচ্ছিলেন সুকুমার বড়ুয়া (৭৪) ও প্রণব কান্তি বড়ুয়া (৫৩)। কিন্তু মামলা থাকার অভিযোগে তাদের ভারতে যেতে দেওয়া হয়নি। সম্পর্কে তারা শ্বশুর-জামাই।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাদের আটকের পর বিকেলে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
আটক সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাংবাদিক প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য।
চট্টগ্রামের একাধিক সাংবাদিক জানান, প্রণব বড়ুয়ার বিরুদ্ধে মামলা আছে কিনা তারা নিশ্চিত হতে পারেননি। তবে তার শ্বশুরের বিরুদ্ধে মামলা আছে। এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মো. খাইরুল আলম সাড়া দেননি।
তবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লিখেন, ওই দুজনের বিরুদ্ধে মামলা আছে। বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।